সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল চলতি বছরেই কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নতুন বেতন কাঠামোর বিভিন্ন বিষয় নিয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন পে-স্কেলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পে-কমিশনের অনেকগুলো বিষয় রয়েছে। সব দিক বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে এবং পরবর্তী সময়ে আবার বৈঠক করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে। তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলে মূল্যস্ফীতির ওপর প্রভাব মোকাবিলায় সরকার কী ধরনের ব্যবস্থা নেবে, তা পে-স্কেল ঘোষণার পর জানানো হবে।

এর আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। নতুন পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।

এদিকে একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে সময় লাগবে।

জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। দেশে ও বিদেশ থেকে বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। মাতারবাড়িতে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মহেশখালীতে আরেকটি এফএসআরইউ স্থাপনের জন্য স্থান নির্ধারণে জরিপ চলছে। পাশাপাশি গ্যাস খাতে আমদানি নির্ভরতা কমাতে দেশে নতুন করে গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কয়েক বছরের মধ্যে দেশের নিজস্ব সম্পদের মাধ্যমে গ্যাস সংকট মোকাবিলার সক্ষমতা তৈরি করা সম্ভব হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!