ঢাকা মেট্রোরেলের যাত্রীদের স্টেশন থেকে গন্তব্যে পৌঁছানোর ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাপভিত্তিক বাইসাইকেল শেয়ারিং প্ল্যাটফর্ম ‘জোবাইক’ ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে চুক্তির মাধ্যমে মেট্রোরেল স্টেশনগুলোতে বাইসাইকেল সেবা চালু করতে যাচ্ছে।

ডিএমটিসিএলের উন্মুক্ত দরপত্রে অংশ নিয়ে কার্যাদেশ পাওয়ার পর গত ৬ আগস্ট দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। প্রথম ধাপে এমআরটি লাইন-৬-এর তিনটি স্টেশনে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হবে।

জোবাইক জানিয়েছে, শুরুতে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনে ১৫০ থেকে ৩০০টি প্যাডেল বাইসাইকেল রাখা হবে। ছয় মাসের পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে অন্যান্য মেট্রো স্টেশনেও এ সেবা সম্প্রসারণ করা হতে পারে।

নতুন এই সেবার মাধ্যমে মেট্রোরেল ব্যবহারকারীরা স্টেশন থেকে কাছাকাছি গন্তব্যে সহজে যাতায়াত করতে পারবেন। বিশেষ করে উত্তরা রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্ট, উত্তরা রূপায়ণ সিটি, মেট্রো ডিপোর কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন।

জোবাইকের বাইসাইকেল ব্যবহার প্রক্রিয়াও রাখা হয়েছে সহজ। যাত্রীরা নির্ধারিত পার্কিং এলাকা বা জোবাইক হাব থেকে অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে সাইকেল আনলক করতে পারবেন। গন্তব্যে পৌঁছানোর পর নির্ধারিত যেকোনো জোবাইক পার্কিং স্থানে সাইকেল রেখে দেওয়া যাবে।

সেবাটির জন্য প্রতিটি রাইডে আনলকিং ফি দিতে হবে ২ টাকা। এর সঙ্গে প্রতি মিনিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা।

জোবাইকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদী রেজা বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ মেট্রোরেলে যাতায়াত করেন। তবে স্টেশন থেকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে পর্যাপ্ত পরিবহন সুবিধার অভাব রয়েছে। বাইসাইকেল শেয়ারিং সেবা এই সমস্যা সমাধানে একটি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বিকল্প হতে পারে।

তিনি বলেন, বাইসাইকেল ব্যবহারের মাধ্যমে যানজট ও কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি নগর পরিবহন ব্যবস্থায় নতুন সুযোগ তৈরি হবে।

জোবাইক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটি ২০১৮ সালে কক্সবাজারে পরিবেশবান্ধব স্মার্ট রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে। করোনাভাইরাস মহামারির কারণে কার্যক্রমে বাধা এলেও পরবর্তীতে নতুনভাবে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের জুনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ই-বাইক সেবা চালুর পর এবার রাজধানীর মেট্রোরেল ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে বড় পরিসরে ফিরছে জোবাইক।

নগর পরিবহন বিশেষজ্ঞদের মতে, মেট্রোরেলের সঙ্গে বিকল্প ছোট দূরত্বের পরিবহন ব্যবস্থা যুক্ত হলে যাত্রীদের সুবিধা বাড়বে এবং ব্যক্তিগত গাড়ির ওপর চাপ কিছুটা কমতে পারে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!