চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদনে রেকর্ড সৃষ্টি হয়েছে। ফল প্রকাশের পর পাঁচ দিনের মধ্যেই তিন লাখের বেশি শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে। আজ সোমবার (১৭ আগস্ট) শেষ হচ্ছে আবেদনের সময়।
আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, গত ১৪ আগস্ট রাত ১১টা পর্যন্ত খাতা পুনর্নিরীক্ষণের জন্য প্রায় ৩ লাখ ১২ হাজার আবেদন জমা পড়েছে।
তিনি বলেন, খাতা চ্যালেঞ্জের আবেদনসংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। শুক্রবার ছুটির দিন হওয়া সত্ত্বেও আবেদনসংক্রান্ত তথ্য যাচাই করা হয়েছে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ১০ আগস্ট। এবার পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের জন্য খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। গত ১১ আগস্ট থেকে শুরু হওয়া এই আবেদন কার্যক্রম আজ ১৭ আগস্ট পর্যন্ত চলবে।
এবার নতুন পদ্ধতিতে প্রতিটি বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। একাধিক বিষয়ে আবেদন করলে প্রতিটি বিষয়ের জন্য আলাদা ফি দিতে হবে।
যেভাবে আবেদন করা যাচ্ছে
শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে আবেদন করতে হবে।
আবেদনের সময় মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
বিষয় নির্বাচন করে নির্ধারিত ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের পর আবেদন জমা দিতে হবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, ফি জমা দেওয়ার আগে আবেদন সংশোধন বা পরিবর্তনের সুযোগ থাকবে। তবে একবার ফি জমা দেওয়ার পর নির্বাচিত বিষয় বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।
ম্যানুয়াল পদ্ধতিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!