ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে একসঙ্গে পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে ঘরে বসে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা ও ফি পরিশোধের ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হচ্ছে।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম এ তথ্য জানান।
‘স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা’ শীর্ষক এ সভার আয়োজন করে ডিসিসিআই ও ডিএসসিসি। অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ব্যবসায়ীদের দ্রুত ও সহজ সেবা দিতে ট্রেড লাইসেন্স ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। ওয়ান স্টপ সার্ভিস চালুর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে ট্রেড লাইসেন্স জালিয়াতির কারণে কিছু জটিলতা তৈরি হয়েছে।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে জাল ট্রেড লাইসেন্স তৈরি করে একটি চক্র তা ব্যবহার করছে। এতে সিটি করপোরেশন রাজস্ব হারাচ্ছে এবং প্রকৃত সেবা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে পাঁচ বছরের জন্য একবারে ট্রেড লাইসেন্স নবায়নের ব্যবস্থা করা হবে জানিয়ে আব্দুস সালাম বলেন, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। ব্যবসায়ীরা চাইলে পাঁচ বছরের লাইসেন্স একবারেই নবায়ন করতে পারবেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ব্যবসায়ী ও নাগরিকরা যেন ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন, সে উদ্যোগ নেওয়া হচ্ছে। অনলাইনের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়নসহ বিভিন্ন ফি পরিশোধের ব্যবস্থা করা হবে।
সাইনবোর্ড কর প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, নতুন করে কোনো কর বাড়ানো হচ্ছে না। তবে প্রকৃত মাপ অনুযায়ী সাইনবোর্ডের কর নির্ধারণ করা হলে রাজস্ব আদায় বাড়তে পারে। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার কথা জানান তিনি।
সভায় পুরান ঢাকার ব্যবসা-বাণিজ্য, বকেয়া ট্রেড লাইসেন্স, যানজট, হকার ও ব্যাটারিচালিত রিকশা নিয়েও আলোচনা হয়।
আব্দুস সালাম বলেন, ঢাকার যানজটের কারণে প্রতিদিন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসা ও রাষ্ট্রীয় অর্থনীতিতে। নগরীর সমস্যা সমাধানে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে নাগরিক ও ব্যবসায়ীদেরও দায়িত্ব নিতে হবে।
হকার ও ব্যাটারিচালিত রিকশার বিষয়ে তিনি বলেন, উচ্ছেদ নয়, বরং একটি শৃঙ্খলার মধ্যে আনার লক্ষ্য রয়েছে। নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষার বিষয়েও গুরুত্ব দেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, ৪১৬ বছরের ঐতিহ্যকে কেন্দ্র করে পুরান ঢাকায় হেরিটেজ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!