চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। ফল প্রকাশের পরদিন ১১ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়। গত পাঁচ দিনে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন তিন লাখের বেশি শিক্ষার্থী।
আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির এক কর্মকর্তা জানান, ১৪ আগস্ট রাত ১১টা পর্যন্ত খাতা চ্যালেঞ্জের আবেদন সংখ্যা ৩ লাখ ১২ হাজারের কাছাকাছি পৌঁছেছে। ছুটির দিন হলেও আবেদনসংক্রান্ত তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় ১০ আগস্ট। এবারের পরীক্ষায় দেশের গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১১ আগস্ট থেকে, যা চলবে ১৭ আগস্ট পর্যন্ত। এবার নতুন পদ্ধতিতে প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি দিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাচ্ছে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পুনর্নিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ডের তথ্য দিতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
এক বা একাধিক বিষয়ে আবেদন করা যাবে। প্রতিটি পত্রের জন্য নির্ধারিত ১৫০ টাকা ফি দিতে হবে। দ্বিপত্রভুক্ত বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে।
বোর্ড জানিয়েছে, ফি জমা দেওয়ার আগে আবেদন সংশোধন বা বিষয় পরিবর্তনের সুযোগ রয়েছে। তবে একবার ফি পরিশোধের পর নির্বাচিত বিষয় বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই আবেদন ফি ফেরত দেওয়া হবে না। এ ছাড়া ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না।
গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!