এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে।

শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। পুরুষের বয়স ৫১ থেকে ৫৫ বছরের মধ্যে এবং নারীর বয়স ৩৬ থেকে ৪০ বছরের মধ্যে।

নতুন রোগী ভর্তি হওয়ার ফলে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৭৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ২১ হাজার ৪৫৮ জন ছাড়পত্র পেয়েছেন।

মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৬৭ জনের মধ্যে নারী ৪২ জন। মোট মৃত্যুর হিসাবে নারীর হার ৬২ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে পুরুষ মারা গেছেন ২৫ জন, যা মোট মৃত্যুর ৩৭ দশমিক ৩ শতাংশ।

ঢাকা বিভাগের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ২১ জন এবং উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে আটজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজন মারা গেছেন।

ঢাকার বাইরে খুলনায় ১৩ জন, বরিশালে আট, ময়মনসিংহে ছয়, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে তিন এবং রংপুর ও সিলেটে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

এক দিনে ৭৩০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব আরও বেড়েছে। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ি ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!