রাজধানীর ভাটারা এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধিকার মরদেহ পেয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। মরদেহের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানা গেছে।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান রিধিকা রিধি। পরবর্তী সময়ে অভিনয়েও নিয়মিত কাজ করেন তিনি। বিভিন্ন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন এই অভিনেত্রী।
রিধিকা রিধির অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘পিনিক ম্যান ৪’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’, ‘চাষার বউ ডাক্তার’ ও ‘লেডি বাটপার’ উল্লেখযোগ্য।
তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!