দেশের শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আগামী অক্টোবর মাসে একযোগে পাঁচটি ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘সুস্থ আগামী’ গড়তে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। শিশুদের জন্য উন্নত ও বিশেষায়িত চিকিৎসার সুযোগ বাড়াতেই দেশের বিভিন্ন অঞ্চলে নতুন শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে। এসব হাসপাতালে শিশুদের সাধারণ চিকিৎসার পাশাপাশি বিশেষায়িত চিকিৎসা, নিবিড় পরিচর্যা ও আধুনিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন হাসপাতালগুলোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র সরবরাহের কাজ এগিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে আসতে বাধ্য না হন, সে লক্ষ্যেও সরকার কাজ করছে। ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার পাশাপাশি উপজেলা হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থা শুধু বড় শহরকেন্দ্রিক হলে তা সবার জন্য কার্যকর হয় না। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা পৌঁছে দিতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে অর্থের অভাবে কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না এবং উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে না।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, বিভাগীয় ও জেলা পর্যায়ে বিশেষায়িত শিশু হাসপাতাল চালু হলে শিশু রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর ওপর চাপ কমবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের পরিবারগুলোও নিজ নিজ এলাকায় উন্নত চিকিৎসার সুযোগ পাবেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!