২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল্যবান সময় কমানো এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখার লক্ষ্যেই নির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি পরিবর্তন বা পেছানোর কোনো পরিকল্পনা নেই।
তিনি বলেন, পরীক্ষার আগে নির্ধারিত সিলেবাস শেষ করে শিক্ষার্থীদের প্রস্তুতির সুযোগ তৈরি করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সময়মতো পাঠ্যসূচি শেষ করে নির্বাচনী পরীক্ষা নেওয়া হলে প্রস্তুতিতে বড় ধরনের সমস্যা হবে না বলেও মনে করেন তিনি।
সরকার ঘোষিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালের এসএসসির টেস্ট বা নির্বাচনী পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে ১৮ নভেম্বরের মধ্যে।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর এসএসসির চূড়ান্ত প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা প্রায় দুই মাস সময় পাবে। তবে আগের বছরগুলোর তুলনায় এবার প্রস্তুতির সময় কিছুটা কমে আসছে বলে মনে করছেন শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে।
সাধারণত নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর এসএসসির প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা আড়াই থেকে তিন মাস সময় পেত। এবার সেই সময় কমে যাওয়ায় শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন কয়েকজন শিক্ষক।
রাজধানীসহ বিভিন্ন এলাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই পাঠ্যসূচি শেষ করে অক্টোবরের মাঝামাঝি সময়ে নির্বাচনী পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে বেশির ভাগ প্রতিষ্ঠান সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে টেস্ট পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে।
শিক্ষকদের একটি অংশ বলছেন, দেশের সব প্রতিষ্ঠানের পক্ষে একই সময়ে পাঠ্যসূচি শেষ করা সম্ভব নয়। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে কম সময়ে প্রস্তুতি শেষ করা কঠিন হতে পারে।
তবে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে কয়েক মাস করে সময় হারিয়ে যাচ্ছে। এর ফলে বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীরা সেশনজটের সমস্যায় পড়ছে।
তিনি বলেন, শিক্ষাবর্ষের কার্যক্রম স্বাভাবিক সময়ে ফিরিয়ে আনতেই পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার উদ্যোগ সেই ধারাবাহিকতার অংশ।
করোনা মহামারির পর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার স্বাভাবিক সময়সূচি পরিবর্তিত হয়েছে। এর আগে সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো। তবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ জুলাই।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজনের পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যসূচি শেষ করা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমানো সম্ভব হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!