ভূগর্ভস্থ ক্যাবলের জরুরি মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণকাজের কারণে শনিবার (১৫ আগস্ট) দেশের কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এ তথ্য জানিয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (নাটোর পবিস-২) জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাঘা বাজার, মুর্শিদপুর, উত্তর মিলিকবাঘা, বানিয়াপাড়া আংশিক এবং গাওপাড়া আংশিক এলাকায় এ সময় বিদ্যুৎ থাকবে না। আড়ানী রোড চত্বরের পোল নম্বর BA-5E-58 থেকে বানিয়াপাড়ার পোল নম্বর BA-5E-80 পর্যন্ত এলাকায় ভূগর্ভস্থ ক্যাবলের কাজ করা হবে।

এদিকে সুনামগঞ্জেও শনিবার টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ শহর ও শহরতলি এলাকার সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

গ্রাহকদের অবগত করতে বিউবোর ফেসবুক পেজে বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।

সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণকাজ শেষ হওয়ার পর স্বাভাবিক নিয়মে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!