দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ শুরু হচ্ছে আজ শনিবার। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে জানানো হয়, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে এ সুবিধা দেওয়ার পরিকল্পনা থাকলেও আবেদনকারীর সংখ্যা বাড়ায় তা সংশোধন করে ১ লাখ ২৩ হাজার করা হয়েছে।

এর মধ্যে অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-কর্মচারী। আর কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ৫৩ হাজার ৪৭৭ জন আবেদনকারী।

সূত্র জানায়, অবসর সুবিধার আওতায় শিক্ষক-কর্মচারীরা প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা করে এবং কল্যাণ ট্রাস্টের আওতায় প্রায় ২ লাখ ৩৯ হাজার টাকা করে পাবেন।

এর আগে গত ৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার বিষয়ে সম্মতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সুবিধাভোগীর সংখ্যাও বেড়েছে। দীর্ঘদিন ধরে অর্থ ছাড়ের অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীরা এবার এই সুবিধার আওতায় আসছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষক-কর্মচারীদের চাঁদা, ব্যাংকে জমা অর্থের সুদ, সরকারের দেওয়া থোক বরাদ্দ এবং বন্ড সুবিধার মাধ্যমে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়া হয়।

অবসর সুবিধার জন্য চাকরিকালীন সময়ে শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৬ শতাংশ এবং কল্যাণ সুবিধার জন্য ৪ শতাংশ হারে মাসিক চাঁদা কেটে রাখা হয়। ২০১৯ সাল পর্যন্ত এই হারে চাঁদা নেওয়া হয়েছে।

এর আগে অবসর সুবিধার জন্য ৪ শতাংশ এবং কল্যাণ সুবিধার জন্য ২ শতাংশ হারে চাঁদা নেওয়া হতো।

এ ছাড়া প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বছরে ১০০ টাকা করে নেওয়া হয়। এর মধ্যে ৭০ টাকা অবসর সুবিধা এবং ৩০ টাকা কল্যাণ সুবিধা তহবিলে জমা হয়। বাকি অর্থ সরকারের বরাদ্দ ও জমাকৃত অর্থের সুদ থেকে সমন্বয় করা হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!