এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২০০ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৬৫ জনই রয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগী ভর্তি হওয়ার পর বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৬১৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এ বিভাগে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৭৯ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৩৭১ জন, বরিশালে ২৬৩, ময়মনসিংহে ১৩১, চট্টগ্রামে ১২৬, রাজশাহীতে ১১৭, রংপুরে ১৯ এবং সিলেট বিভাগে নয়জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২২ হাজার ৪৪৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২০ হাজার ৭৬৩ জন।
মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৬৫ জনের মধ্যে নারী ৪১ জন, যা মোট মৃত্যুর ৬৩ দশমিক ১ শতাংশ। অন্যদিকে পুরুষ মারা গেছেন ২৪ জন বা ৩৬ দশমিক ৯ শতাংশ।
ঢাকা বিভাগের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ২১ জন, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে আটজন এবং সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এ ছাড়া খুলনায় ১১ জন, বরিশালে আট, ময়মনসিংহে ছয়, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে তিন এবং রংপুর ও সিলেটে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
ডেঙ্গুর প্রকোপ বাড়ার এই সময়ে বিশেষজ্ঞরা এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্ব দিয়ে থাকেন। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!