ইউটিউবে নতুন মাইলফলক গড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। দীর্ঘ সংগীতজীবনে পাওয়া শ্রোতাদের ভালোবাসার ধারাবাহিকতায় এই অর্জনকে ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে মনির খানের এই অর্জন উদযাপন করা হয়।
‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক আলোচনা সভায় তাঁর ইউটিউব চ্যানেলের এই সাফল্যের তথ্য জানানো হয়। অনুষ্ঠানটির আয়োজন করে সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মিলন মাহমুদ, খুরশিদ আলম, সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান এবং গীতিকবি রফিকুজ্জামানসহ সংগীতাঙ্গনের বিশিষ্টজনেরা।
নিজের এই অর্জনের জন্য শ্রোতা ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মনির খান। তিনি বলেন, দীর্ঘ তিন দশকের সংগীতজীবনে ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের এই মাইলফলকে পৌঁছানোর পেছনে তাঁর অগণিত শ্রোতা-ভক্তের অবদান রয়েছে।
একই সঙ্গে গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, বাদ্যযন্ত্রশিল্পী, ভিডিও নির্মাণের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং চ্যানেল পরিচালনায় কারিগরি সহায়তা দেওয়া সবাইকে ধন্যবাদ জানান তিনি।
মনির খান বলেন, তিনি সবসময় শ্রোতাদের জন্য সুস্থ ধারার, সুন্দর ও সাবলীল বাংলা গান উপহার দেওয়ার চেষ্টা করেছেন। চলচ্চিত্রের গান হোক কিংবা একক সংগীতের ভিডিও—শ্রোতাদের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করেছেন তিনি।
তাঁর মতে, শ্রোতারা ভালোবাসা দিয়ে তাঁকে গ্রহণ করেছেন বলেই ইউটিউবেও এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। আগামী দিনেও ভক্ত-শ্রোতাদের পাশে নিয়ে আরও দূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, গত এক দশকে মনির খানের ইউটিউব চ্যানেলে বিভিন্ন সময়ে ৯৪৮টি ভিডিও আপলোড করা হয়েছে। এসব ভিডিওতে এখন পর্যন্ত মোট ভিউ হয়েছে ১০৪ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ৩৮৮।
দীর্ঘ সংগীতজীবনে চলচ্চিত্রের গান ও একক অ্যালবামের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া মনির খানের ডিজিটাল প্ল্যাটফর্মে এই সাফল্য তাঁর গানের প্রতি শ্রোতাদের দীর্ঘস্থায়ী আগ্রহেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!