ডিজিটাল লেনদেন আরও সহজ ও জনপ্রিয় করতে বাংলা কিউআর ব্যবস্থায় ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সুবিধা চালু হলে একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে সরাসরি কিউআর কোড ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা এক চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) প্রতিষ্ঠানগুলোকে এ সুবিধা চালুর জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অ্যাপে পিটুপি লেনদেনের জন্য নির্দিষ্ট কিউআর কোড তৈরির ব্যবস্থা থাকতে হবে। একই সঙ্গে অন্য ব্যক্তির তৈরি করা পিটুপি কিউআর কোড স্ক্যান বা আপলোড করে টাকা পাঠানোর সুবিধাও যুক্ত করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে ব্যাংক, এমএফএস ও পিএসপি প্রতিষ্ঠানগুলোকে এই সুবিধা চালুর জন্য প্রস্তুত থাকতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
বর্তমানে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ কোটি টাকার লেনদেন হচ্ছে। পিটুপি সুবিধা চালু হলে এর ব্যবহার আরও বাড়বে এবং লেনদেনের পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করা। বিশেষ করে ছোট পরিসরের ব্যক্তিগত লেনদেনেও কিউআর প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে একটি আধুনিক পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে চায় বাংলাদেশ ব্যাংক।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!