জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নিয়মে অনলাইনে যাচাইযোগ্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদনগুলো মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করতে পারবেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে সই করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলাম।
নির্দেশনা অনুযায়ী, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে এনআইডিতে জন্মতারিখ সংশোধনের আবেদনগুলোকে ‘ক’ ক্যাটাগরির আবেদন হিসেবে বিবেচনা করা হবে।
এসব আবেদন উপজেলা/থানা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকরা সরাসরি অনুমোদন বা বাতিল করতে পারবেন।
পরিপত্রে বলা হয়েছে, শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্য তথ্য বা দলিল গ্রহণের ক্ষেত্রে আগের নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করতে হবে।
এ ছাড়া আবেদন ইলেকট্রনিক পদ্ধতিতে অনুমোদন বা বাতিল করার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাকে সিএমএসে বাধ্যতামূলকভাবে নোট দিতে হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীন কর্মকর্তাদের কাজ মনিটরিং করবেন।
প্রতি মাসে দৈবচয়নের ভিত্তিতে প্রতিটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অন্তত তিনটি নিষ্পত্তি করা আবেদন যাচাই করে প্রতিবেদন পরিচালক (অপারেশনস)-এর ইন্টারনাল অ্যাকাউন্টে পাঠাতে হবে।
তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ ব্যবহার করে জন্মতারিখ সংশোধনের আবেদন এবং জন্মতারিখের পাশাপাশি নিজের নাম, বাবা ও মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদনগুলো আগের মতো মহাপরিচালক (ডিজি) পর্যায়ে নিষ্পত্তি হবে।
নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, জন্মতারিখ, নিজের নাম এবং বাবা-মায়ের নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই তথ্যের ঘরে দ্বিতীয়বার সংশোধনের সুযোগ থাকবে না।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, নির্বাচন কমিশনের নতুন এ উদ্যোগের ফলে এনআইডি সংশোধনের ক্ষেত্রে সাধারণ মানুষের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি কমবে। বিশেষ করে শিক্ষা সনদের মাধ্যমে জন্মতারিখ সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!