সাংবাদিকরা প্রশাসনের কোনো প্রতিপক্ষ নয়, বরং উন্নয়ন ও জনসেবায় প্রশাসনের সহযোগী শক্তি বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল তামান্না।

বুধবার (১২ আগস্ট) গুইমারা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও মিশকাতুল তামান্না বলেন, সরকারের বিভিন্ন সেবা ও উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ ও সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যমের কাজের ক্ষেত্র আলাদা হলেও উভয়ের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। তাই পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করা গেলে গুইমারা উপজেলার উন্নয়ন কার্যক্রম ও জনসেবা আরও গতিশীল হবে।

মতবিনিময় সভায় গুইমারা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি উন্নয়ন প্রকল্প এবং নাগরিক সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার জনসাধারণের সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়নবঞ্চনা, সম্ভাবনা ও প্রয়োজনীয় উদ্যোগের বিষয়গুলো প্রশাসনের কাছে তুলে ধরেন স্থানীয় সাংবাদিকরা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী।

গুইমারা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. দুলাল আহম্মদের সঞ্চালনায় মতবিনিময় সভায় সাংবাদিক দিদারুল হৃদয়, আবুল হোসেন রিপন, আব্দুর রহিম, মো. আনোয়ার, মো. বেলাল, আবুল বশর ও ফোরকানুল হক সাকিবসহ গুইমারায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা গুইমারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকার বিদ্যমান সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনদুর্ভোগ নিরসন এবং সরকারি সেবাগুলো মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন মতামত দেন।

সাংবাদিকরা বলেন, স্থানীয় পর্যায়ে প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ও সরকারি সেবার তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে জনগণের সমস্যা ও অভিযোগ প্রশাসনের নজরে আনতেও সাংবাদিকরা কাজ করেন। ফলে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব।

বক্তারা আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ তৈরি হলে স্থানীয় জনগণই সবচেয়ে বেশি উপকৃত হবে। নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে একদিকে যেমন প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য জনগণের কাছে পৌঁছাবে, অন্যদিকে জনগণের সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলোও দ্রুত প্রশাসনের নজরে আসবে।

সভায় গুইমারার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও নাগরিক সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ভবিষ্যতেও সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!