পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এবং ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মানিকছড়িতে ২৫০ পরিবারের মাঝে ১১ হাজার ৩০০টি চারা বিতরণ করা হয়েছে।
বন বিভাগের মানিকছড়ি রেঞ্জের উদ্যোগে মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার গাড়ীটানা বন বিভাগ কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এসব চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলার ২৫০টি পরিবারের প্রতিনিধিদের হাতে অবক্ষয়িত ভূমি ও বসতভিটায় রোপণের জন্য বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। বিতরণ করা চারার মধ্যে রয়েছে আমলকী, বহেরা, তেঁতুল, মেহগনি, নিম, চাপালিশ, জারুল, কৃষ্ণচূড়া, কাঠবাদাম, আমড়া, কাঁঠাল, পিত্তরস ও জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মান্নান, আইডিএফের সহকারী কৃষি কর্মকর্তা মো. রুবেল হোসেন এবং বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল হামিদ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।
এ সময় বন বিভাগের সদস্য, উপকারভোগী পরিবারের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!