বাবা হোর্হে মেসির মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি লিওনেল মেসি। শেষকৃত্য শেষে যুক্তরাষ্ট্রে ফেরার কথা থাকলেও সেই সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দিয়েছেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা। পরিবারের সঙ্গে আরও কিছু সময় কাটাতেই নিজ দেশেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড।

বাবার মৃত্যুর খবর পাওয়ার পর শনিবার (৮ আগস্ট) গভীর রাতে যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে ব্যক্তিগত বিমানে আর্জেন্টিনায় পৌঁছান মেসি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জো ও সন্তানরা।

রোজারিওর কাছে পেরেজ শহরের এল প্রাদো সমাধিক্ষেত্রে ব্যক্তিগত আয়োজনে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। অনুষ্ঠানে মেসির পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার কারণে সেখানে বাইরের কাউকে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি।

বাবাকে শেষ বিদায় জানানোর পরপরই যুক্তরাষ্ট্রে ফিরতে চাননি মেসি। পরিবারের সঙ্গে আরও কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে ধারণা করা হয়েছিল, রোববার দুপুরের আগেই মেসি ও তার পরিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন। এ জন্য প্রস্তুত রাখা হয়েছিল ব্যক্তিগত বিমানও। তবে শেষ পর্যন্ত মেসিকে ছাড়াই বিমানটি আর্জেন্টিনা ছেড়ে যায়।

পরে বিকেল ৩টার পর মেসি ও তার পরিবারের গাড়িবহর রোজারিওর ফুনেস শহরের একটি সুরক্ষিত আবাসিক এলাকায় পৌঁছায়।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম দোবলে আমারিলার প্রতিবেদনে বলা হয়েছে, বাবার মৃত্যু মেসিকে গভীরভাবে প্রভাবিত করেছে। পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি আপাতত যুক্তরাষ্ট্রে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ইন্টার মায়ামির সঙ্গে তার পেশাগত দায়িত্বও সাময়িকভাবে স্থগিত থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হোর্হে মেসি দীর্ঘদিন লিওনেল মেসির ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী ছিলেন। ছেলের ফুটবল ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন পর্যায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!