বাংলা কিউআর (Bangla QR) মাধ্যমে লেনদেন আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলা কিউআরে লেনদেনে মার্চেন্ট চার্জ বা ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া ফি বাতিল করা হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করতে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আগামী ১ অক্টোবর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিক্রেতা বা মার্চেন্টসহ ডিজিটাল টাকা পরিশোধ ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত হারে আর্থিক প্রণোদনা দেওয়া হবে। এর আওতায় প্রতি ১০০ টাকা লেনদেনের বিপরীতে একুয়ারিং প্রতিষ্ঠান পাবে ১০ পয়সা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ২০ পয়সা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মার্চেন্ট পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ ও জনপ্রিয় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেন ব্যবস্থার আওতায় আনা এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমানোই এর অন্যতম লক্ষ্য।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, বাংলা কিউআরভিত্তিক লেনদেনে খরচ কমলে ছোট ব্যবসায়ী, দোকানদার ও সেবা প্রদানকারীরা সহজে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন। এতে দেশের ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের জন্য ক্যাশলেস লেনদেনের সুযোগ বাড়বে।

নতুন এ সিদ্ধান্তের ফলে ছোট ব্যবসায়ীরা কম খরচে ডিজিটাল লেনদেন গ্রহণের সুযোগ পাবেন বলে মনে করছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণেও এটি ভূমিকা রাখবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!