মহাকাশপ্রেমীদের জন্য আসছে বিরল এক মহাজাগতিক দৃশ্য। আগামী ১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ২০২৪ সালের এপ্রিলের পর এটিই হতে যাচ্ছে বিশ্বের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, গ্রহণের পূর্ণগ্রাস পর্যায় সর্বোচ্চ প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী হতে পারে।

তবে বাংলাদেশের আকাশ থেকে এই বিরল দৃশ্য দেখার সুযোগ থাকছে না। গ্রহণ শুরু হওয়ার সময় বাংলাদেশ, ভারতসহ এশিয়ার বেশির ভাগ অঞ্চলে রাত থাকবে। ফলে এ অঞ্চলের মানুষ সরাসরি সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে পারবেন না।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপের কয়েকটি অঞ্চল থেকে। স্পেন, আইসল্যান্ড ও গ্রিনল্যান্ড থেকে চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে যাওয়ার দৃশ্য দেখা যাবে। এর মধ্যে স্পেনের বেশির ভাগ মানুষ পূর্ণগ্রাস গ্রহণ দেখার সুযোগ পাবেন।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ১৯৯৯ সালের পর ইউরোপের মূল ভূখণ্ডে এটি হতে যাচ্ছে প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এ ছাড়া পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের কিছু এলাকা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। বিশ্বের প্রায় ৯৮ কোটি মানুষ সূর্যের আংশিক ঢেকে যাওয়ার দৃশ্য দেখার সুযোগ পাবেন।

কীভাবে হয় সূর্যগ্রহণ

চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে, তখন চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। এর ফলে পৃথিবীর কিছু এলাকা থেকে সূর্যের আলো আংশিক বা পুরোপুরি আড়াল হয়ে যায়। চাঁদ যখন সূর্যের পুরো চাকতি ঢেকে ফেলে, তখন তাকে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে মহাজগতের অন্যতম বিস্ময়কর ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। সূর্যের ব্যাস চাঁদের প্রায় ৪০০ গুণ বেশি হলেও সূর্য পৃথিবী থেকে চাঁদের তুলনায় প্রায় ৪০০ গুণ দূরে অবস্থান করছে। এই বিশেষ অনুপাতের কারণেই পৃথিবী থেকে সূর্য ও চাঁদকে প্রায় একই আকারের মনে হয় এবং চাঁদ সূর্যের পুরো চাকতি ঢেকে দিতে পারে।

কত ঘন ঘন হয় সূর্যগ্রহণ

নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি বছর দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটে। এর মধ্যে রয়েছে আংশিক, বলয়াকার, পূর্ণগ্রাস ও সংকর সূর্যগ্রহণ।

তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল। গড়ে প্রতি শতাব্দীতে প্রায় ৬৬টি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে। অর্থাৎ প্রায় দেড় বছর পরপর পৃথিবীর কোনো না কোনো অঞ্চল থেকে এমন দৃশ্য দেখা যায়।

সব সূর্যগ্রহণের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ আংশিক, এক-তৃতীয়াংশ বলয়াকার, এক-চতুর্থাংশের কিছু বেশি পূর্ণগ্রাস এবং প্রায় ৫ শতাংশ সংকর প্রকৃতির।

তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ পৃথিবীর খুব ছোট একটি অঞ্চলের ওপর দিয়ে যায়। তাই এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখতে জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!