চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা গেছে, আগের বছরগুলোর মতো এবারও ইংরেজি ও গণিত বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী ফেল করেছে। অন্যদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

ফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ইংরেজি বিষয়ে পাসের হার তুলনামূলক কম। ঢাকা শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাস করেছে ৭৮ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী। অর্থাৎ এ বিষয়ে ফেল করেছে ২১ দশমিক ৬ শতাংশ।

অন্য বোর্ডগুলোর মধ্যে রাজশাহীতে ইংরেজিতে ফেল করেছে ২৫ দশমিক ৩ শতাংশ, কুমিল্লায় ১৮ দশমিক ৭১ শতাংশ, যশোরে ২৮ দশমিক ১৬ শতাংশ, চট্টগ্রামে ২৭ দশমিক ৭৩ শতাংশ, বরিশালে ৩০ দশমিক ৭৬ শতাংশ, সিলেটে ৩০ দশমিক ৮৯ শতাংশ, দিনাজপুরে ২৭ দশমিক ০৯ শতাংশ এবং ময়মনসিংহে ৩৩ দশমিক ৩৬ শতাংশ শিক্ষার্থী।

গণিত বিষয়েও একই ধরনের চিত্র দেখা গেছে। ঢাকা বোর্ডে গণিতে ফেল করেছে ১৭ দশমিক ১৫ শতাংশ শিক্ষার্থী। রাজশাহীতে এ হার ২২ দশমিক ৮৩ শতাংশ, কুমিল্লায় ১৮ দশমিক ২৫ শতাংশ, যশোরে ১৬ দশমিক ৬৬ শতাংশ, চট্টগ্রামে ১৯ দশমিক ৯৫ শতাংশ, বরিশালে ২২ দশমিক ০২ শতাংশ, সিলেটে ২৪ দশমিক ০৪ শতাংশ, দিনাজপুরে ২৮ দশমিক ৯৫ শতাংশ এবং ময়মনসিংহে ৩০ দশমিক ৩৯ শতাংশ।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল।

এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ০৫ শতাংশ। ২০২৫ সালে এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

ফলাফলে লিঙ্গভিত্তিক পার্থক্যও দেখা গেছে। সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ ছাত্রের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী পাস করেছে। একইভাবে ছাত্রদের তুলনায় ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। অর্থাৎ এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৯ হাজার ৯ জন।

এদিকে, এ বছর মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৩০৩টি।

ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ রাখা হয়েছে। আগামী মঙ্গলবার (১১ আগস্ট) থেকে পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১৭ আগস্ট পর্যন্ত।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!