জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে স্ত্রীর হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনার জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত ৫ আগস্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্স আয়োজিত ওই কনসার্টে স্ত্রীসহ উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ। সেখানে তার স্ত্রীর হাতে থাকা একটি ব্যাগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই ব্যাগের দাম নিয়ে বিভিন্ন ধরনের দাবি করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করেন, ব্যাগটির দাম ৫ থেকে ৬ লাখ টাকা। এ নিয়ে বিভিন্ন পক্ষ থেকে সমালোচনামূলক পোস্টও দেওয়া হয়।
আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্ট ডাক্তার আইজুদ্দিন একটি পোস্টে দাবি করেন, আসিফ মাহমুদের স্ত্রীর হাতে থাকা ব্যাগটির দাম ৬ লাখ টাকা। অন্যদিকে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাংগঠনিক সম্পাদক আসিফ সৈকতও একই ছবি পোস্ট করে মন্তব্য করেন। পরে অবশ্য তিনি সেই পোস্ট সরিয়ে নেন।
তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের যাচাইয়ে দাবি করা হয়, আলোচিত ব্যাগটির প্রকৃত মূল্য ১ হাজার ৫৮০ টাকা। ৫ বা ৬ লাখ টাকার দাবির সঙ্গে এর মিল নেই বলে প্রতিষ্ঠানটি উল্লেখ করে।
এ ঘটনায় নিজের ফেসবুক পোস্টে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ। তিনি লেখেন, ব্যাগটি নিলামে তুলতে চান। ৬ লাখ টাকা দাম বলা ব্যক্তিদের কেউ নিতে চাইলে আরও কম দামে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
এরপর ব্যাগটির ছবি প্রকাশ করে আরেকটি পোস্টে তিনি লেখেন, “এই বিখ্যাত ব্যাগটি বিক্রয় করা হবে। ১৫৮০ টাকার ব্যাগ মাত্র ৬ লাখ টাকায়। বিশেষ দ্রষ্টব্য: গুজববাজদের জন্য থাকছে ৮০% ডিসকাউন্ট।”
আসিফ মাহমুদের এই ব্যঙ্গাত্মক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!