আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে রেজল্যুশনের আওতায় এনে প্রশাসক নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।
অকার্যকর ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো—আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
রোববার (৯ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পর এসব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা, পুনরুদ্ধারের সম্ভাবনা এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে অকার্যকর ঘোষণা ও রেজল্যুশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বড় অঙ্কের মূলধন ঘাটতি, উচ্চমাত্রার শ্রেণিকৃত ঋণ ও বিনিয়োগ, প্রয়োজনীয় তারল্য সংরক্ষণে ব্যর্থতা, আয়ক্ষমতার অবনতি এবং আমানতকারী ও পাওনাদারদের দায় পরিশোধে অক্ষমতা—এসব বিষয়কে সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রেজল্যুশন কার্যক্রম পরিচালনার জন্য অভিজ্ঞ কর্মকর্তাদের প্রশাসক ও সহকারী প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রতিষ্ঠানগুলোর সার্বিক ব্যবস্থাপনা, আর্থিক অবস্থা পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে কাজ করবেন।
চার প্রতিষ্ঠানে প্রশাসক ও সহকারী প্রশাসক
আভিভা ফাইন্যান্স লিমিটেডে অস্থায়ী প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১১-এর পরিচালক মো. আলাউদ্দীন হোসেন। সহযোগী প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ কে এম গোলাম বহুলুল ও মো. মাহবুবুর রহমান।
এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে প্রশাসক করা হয়েছে ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-২-এর পরিচালক আবু সামা মো. আতাউর রহমানকে। সহযোগী প্রশাসক হিসেবে রয়েছেন রোকসানা আক্তার ও মোহাম্মদ জয়নুল আবেদীন বসির।
ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে প্রশাসকের দায়িত্ব পেয়েছেন ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১০-এর পরিচালক মো. সাদেকুর রহমান। সহযোগী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন সাদরিল আহমেদ ও মো. আল-আমিন।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেনকে। সহযোগী প্রশাসক হিসেবে থাকছেন ফরিদ উদ্দীন আহমেদ ও জহিরুল ইসলাম ভূঁইয়া।
খেলাপি ঋণের চাপে চার প্রতিষ্ঠান
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে এফএএস ফাইন্যান্সের খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৯৯ শতাংশ। একই সময়ে ফারইস্ট ফাইন্যান্সের খেলাপি ঋণের হার ৯৮ দশমিক ৫০ শতাংশ, আভিভা ফাইন্যান্সের ৯৩ দশমিক ৯৩ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯৯ দশমিক ৪৪ শতাংশ।
এর আগে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থতা, উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতির কারণে মোট ৯টি আর্থিক প্রতিষ্ঠানকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছিল বাংলাদেশ ব্যাংক।
অকার্যকর ঘোষণা করা চার প্রতিষ্ঠান ছাড়াও তালিকায় রয়েছে—পিপলস লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সংকটে থাকা এসব ৯টি আর্থিক প্রতিষ্ঠানে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানত রয়েছে ১৫ হাজার ৩৭০ কোটি টাকা। এর মধ্যে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ৩ হাজার ৫২৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেজল্যুশন কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর প্রকৃত অবস্থা পর্যালোচনা করা হবে। প্রয়োজন অনুযায়ী পুনর্বাসন, নতুন তহবিল সংযোজন কিংবা অবসায়নের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!