চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর মোট এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি ৭১ দশমিক ৬৩ শতাংশ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।

বোর্ডভিত্তিক পাসের হার

  • ঢাকা শিক্ষা বোর্ড: ৭১.৬৩ শতাংশ
  • বরিশাল শিক্ষা বোর্ড: ৬০.৩৫ শতাংশ
  • দিনাজপুর শিক্ষা বোর্ড: ৫৮.০৫ শতাংশ
  • কুমিল্লা শিক্ষা বোর্ড: ৬৫.৪২ শতাংশ
  • চট্টগ্রাম শিক্ষা বোর্ড: ৫৯.৪৮ শতাংশ
  • রাজশাহী শিক্ষা বোর্ড: ৬৩.৬৭ শতাংশ
  • সিলেট শিক্ষা বোর্ড: ৫৮.৩৩ শতাংশ
  • যশোর শিক্ষা বোর্ড: ৬৬.২৭ শতাংশ
  • ময়মনসিংহ শিক্ষা বোর্ড: ৫৭.৩৯ শতাংশ
  • বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৫৫.৪৯ শতাংশ
  • বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড: ৫৮.২০ শতাংশ

ফলাফল জানতে শিক্ষার্থীরা অভিন্ন দুটি ওয়েবসাইট— eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd ব্যবহার করতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে।

এসএমএসে ফল জানার নিয়ম

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—

SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <পরীক্ষার বছর>

এরপর পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

ঢাকা বোর্ডের জন্য এসএমএস ফরম্যাট:

SSC DHA ROLL YEAR

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য:

SSC MAD ROLL YEAR

কারিগরি শিক্ষা বোর্ডের জন্য:

SSC TEC ROLL YEAR

প্রতি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নেন।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন

ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে ১১ আগস্ট থেকে। আবেদন করা যাবে ১৭ আগস্ট পর্যন্ত।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী, অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে, দেশের ১১টি শিক্ষা বোর্ড—ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে একই সময়ে ফল প্রকাশ করা হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!