খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। একই ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর আওতায় মেয়েটির বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের থলিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, থলিপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছে—এমন গোপন সংবাদ পায় উপজেলা প্রশাসন। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।

অভিযানে গিয়ে বাল্যবিয়ের আয়োজনের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয় এবং মেয়েটিকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করা হয়।

এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় অপরাধ স্বীকার করায় কনের বাবা মো. মহিন উদ্দিন মানিককে (৩৮) ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া মেয়েটি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাকে আর বিয়ে দেওয়া হবে না—এ মর্মে পাত্রপক্ষ এবং উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে তাদের সতর্ক করে দেওয়া হয়, ভবিষ্যতে মেয়েটির প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ের উদ্যোগ নিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। এ সময় বাল্যবিয়ের কারণে একটি শিশুর শিক্ষা, শারীরিক ও মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ জীবনে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে, সে বিষয়ে তাদের সচেতন করা হয়।

উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, প্রশাসনের নিয়মিত নজরদারি ও দ্রুত পদক্ষেপের পাশাপাশি পরিবার ও সমাজের সচেতনতা বাড়ানো গেলে বাল্যবিয়ে প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!