খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়ি ফারুকনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, ধানসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত গৃহমালিকের দাবি, এ ঘটনায় তার প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডাইনছড়ি ফারুকনগর এলাকার বাসিন্দা মো. জামাল হোসেন, যিনি স্থানীয়ভাবে ‘জামাল ডেকোরেশন’ নামে পরিচিত, তার বাড়িতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা নিজেদের উদ্যোগে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।
পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
দীর্ঘ প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় বসতঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়। এতে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে।
ক্ষতিগ্রস্ত গৃহমালিক মো. জামাল হোসেন জানান, আগুনে তার ঘরের ভেতরে রাখা নগদ প্রায় ৯ লাখ টাকা পুড়ে গেছে। এছাড়া প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা মূল্যের ফার্নিচার ও আসবাবপত্র এবং বিপুল পরিমাণ ধানসহ অন্যান্য মালামালও আগুনে পুড়ে নষ্ট হয়েছে।
তিনি বলেন, সবকিছু মিলিয়ে এ অগ্নিকাণ্ডে তার আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে বসতবাড়ির প্রায় সবকিছু পুড়ে যাওয়ায় তিনি পরিবার নিয়ে বড় ধরনের সংকটে পড়েছেন।
তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
স্থানীয়রা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!