দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শূন্য থাকা ৩৪ হাজার ৭১৪টি পদ দ্রুত পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। জনস্বার্থে এসব পদে দ্রুত নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে। এতে দেশের স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে শূন্য পদগুলো দ্রুত পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এর মানবসম্পদ তথ্যব্যবস্থা (এইচআরআইএস) অনুযায়ী, বর্তমানে ১১ থেকে ১৬তম গ্রেডের ২০ হাজার ৮১৬টি পদ শূন্য রয়েছে। এছাড়া ১৭ থেকে ২০তম গ্রেডে শূন্য রয়েছে ১৩ হাজার ৩৮৯টি পদ।
সব মিলিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭১৪টি।
এসব শূন্য পদ দেশের বিভিন্ন বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয় এবং জেলা সদর হাসপাতালে রয়েছে।
এ ছাড়া ১০০, ২৫০ ও ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক পদ খালি রয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, দীর্ঘদিনের জনবল সংকটের কারণে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে চাপ তৈরি হয়েছে। সীমিত জনবল দিয়ে রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় বাড়তি চাপ মোকাবিলা করতে হচ্ছে।
এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে খালি থাকা পদগুলোতে নিয়োগ দেওয়া হলে স্বাস্থ্য খাতের জনবল সংকট কিছুটা কমবে। পাশাপাশি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের সেবার সক্ষমতা বাড়বে এবং রোগীরা আরও কার্যকর স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!