নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ভুতলিয়া হামরা পাড়ার অসহায় এক পরিবারের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। স্বামীকে হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়া শিরিনা বেগমের পরিবারের জন্য দুই রুমের একটি পাকা বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি।
জানা গেছে, পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রাজমিস্ত্রী মনছুর আলী মারা যান প্রায় এক বছর দুই মাস আগে। তার আকস্মিক মৃত্যুর পর স্ত্রী শিরিনা বেগম, দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছেলে নিয়ে চরম সংকটে পড়েন। একই সঙ্গে অন্ধ শ্বশুরের দেখাশোনার দায়িত্বও রয়েছে তার ওপর।
উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি জীবনযুদ্ধে দিশেহারা হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
পরিবারটির স্থায়ী আবাসনের সমস্যা দূর করতে তিনি দুই রুমের একটি পাকা বাড়ি নির্মাণের উদ্যোগ নেন। রোববার আনুষ্ঠানিকভাবে ওই বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পরিবারের সদস্যদের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আয়োজিত বিশেষ দোয়ায় অংশ নেন তিনি।
এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, অসহায় পরিবারটির জন্য এমন উদ্যোগ তাদের মধ্যে আশার সৃষ্টি করেছে। পাকা বাড়ি নির্মাণ হলে শিরিনা বেগম ও তার সন্তানরা নিরাপদ আশ্রয় পাবেন।
সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিরিনা বেগম ও স্থানীয়রা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর হাসাইগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!