বগুড়াকে বিভাগ করার দাবি নতুন নয়। দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন মহল থেকে এ দাবি উঠলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে ফরিদপুর ও কুমিল্লার পাশাপাশি বগুড়া বিভাগ বাস্তবায়নের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হবে।

শনিবার (১ আগস্ট) বিকেলে বগুড়ার শিবগঞ্জে তিনদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিবগঞ্জ গোলচত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়া বিভাগ নিয়ে মুখ্য সচিব ও তার সঙ্গে এখনো প্রধানমন্ত্রীর বিস্তারিত আলোচনা হয়নি। তবে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে সম্মতি দিলে ফরিদপুর ও কুমিল্লার সঙ্গে বগুড়া বিভাগের বিষয়টিও এগিয়ে নেওয়া হবে। তার এই বক্তব্যের পর বগুড়া বিভাগ দাবির বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অনুষ্ঠানে তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চায়। তিনি উল্লেখ করেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ ও পরিচর্যা করা সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার।

মীর শাহে আলম আরও জানান, চলতি বছরে ৫ কোটি চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সব বিভাগ মিলিয়ে প্রায় ৬ কোটি ৮০ লাখ চারা রোপণ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তিনি সাধারণ মানুষকে বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে এবং খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বৃক্ষমেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবার মেলায় উপজেলার ১৫টি নার্সারি অংশ নিয়েছে। এসব স্টলে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

স্টল পরিদর্শনের সময় তিনি বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি পরিবারকে অন্তত কয়েকটি গাছ লাগিয়ে পরিচর্যা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বৃক্ষমেলার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী শিবগঞ্জে নবনির্মিত একটি হেলিপ্যাডেরও উদ্বোধন করেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!