লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। তবে এই কিংবদন্তি ফুটবলারকে এখনই অবসরের দিকে ঠেলে দিতে চান না তিনি। মেসিকে নিজের মতো করে সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন এএফএ প্রধান।
আর্জেন্টাইন একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তাপিয়া বলেন, মেসির ভবিষ্যৎ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তাকে চাপ না দিয়ে ফুটবল উপভোগ করার সুযোগ দেওয়া উচিত।
তাপিয়া বলেন, “এটা সম্পূর্ণ ও ব্যক্তিগতভাবে তার নিজের সিদ্ধান্ত। ওকে স্বস্তিতে থাকতে দিতে হবে। ২০২২ সালেও আমরা জানতাম না, ২০২৬ সালে ও খেলবে কি না। তখন ও বলেছিল, এক ম্যাচ এক ম্যাচ করে ভাববে।”
তিনি আরও বলেন, “আমার মনে হয়, এবারের বিশ্বকাপে আমরা লিওর সেরা সংস্করণ না হলেও দারুণ একটা সংস্করণ দেখেছি। তাকে তার মতো করে থাকতে দিন। ওকে ফুটবল উপভোগ করতে দিতে হবে, এরপর ও নিজের মতো করে সঠিক সিদ্ধান্ত নেবে।”
৩৯ বছর পূর্ণ করা মেসি এখনো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তিনি ৮ গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছেন।
বিশ্বকাপের এই আসরে মেসি নতুন এক রেকর্ডও গড়েছেন। মিরোস্লাভ ক্লোজার ১৬ গোলের বিশ্বকাপ রেকর্ড পেছনে ফেলেছেন তিনি। তবে পরে ২২ গোল করে সেই তালিকায় মেসিকে ছাড়িয়ে যান ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
তাপিয়ার মতে, এবারের বিশ্বকাপে মেসি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। তিনি বলেন, “লিওর দুর্দান্ত এক বিশ্বকাপ গেল। আমরা দারুণ উপভোগ করেছি, গর্বিত হওয়া উচিত। এই দলের পতাকাবাহী ছিল ও। বিশ্বকাপ বিশ্লেষণ করলে আমার কাছে ও-ই সেরা খেলোয়াড় ছিল। প্রতি ম্যাচেই রেকর্ড ভাঙছিল।”
বিশ্বকাপে আর্জেন্টিনা শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখতে পারেনি। ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় মেসির দল।
তবে পুরো টুর্নামেন্টজুড়ে মেসির পারফরম্যান্স, নেতৃত্ব ও অভিজ্ঞতা আবারও ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। এখন তার পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় আর্জেন্টিনা সমর্থকসহ পুরো ফুটবল বিশ্ব।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!