রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম এখনো সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে আছে। গত এক সপ্তাহে মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম আরও বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাসিক ব্যয় বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহের ঘাটতি ও চাহিদার তুলনায় কম জোগানের কারণে বিশেষ করে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। অন্যদিকে মাছের বাজারেও বেশির ভাগ চাষের মাছের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

বাজারে বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়, যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় ১০ টাকা বেশি। এ ছাড়া ফার্মের মুরগির ডিমের দামও বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়।

তবে গরুর মাংসের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।

এদিকে সোনালি, হাইব্রিড ও লেয়ার মুরগির দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বর্তমানে সোনালি মুরগি প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকা, হাইব্রিড মুরগি ২৯০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও দাম বেড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, গত এক সপ্তাহে বেশির ভাগ চাষের মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে জীবিত পাঙাশ মাছ বিক্রি হচ্ছে ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকা কেজি দরে।

বাজারে মান ও আকার অনুযায়ী চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪৫০ থেকে ৫০০ টাকা এবং মাঝারি রুই ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। এ ছাড়া মৃগেল মাছের দাম ২৫০ থেকে ৩০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং চাষের কই ৩০০ টাকা কেজি।

অন্যদিকে দেশি কই মাছের দাম ৭০০ থেকে ৮০০ টাকা, শিং মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা এবং বাইম মাছ ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় আকারের রূপচাঁদা, নদীর বেলে ও কিছু মাছ কিনতে হলে কেজিপ্রতি এক হাজার টাকার বেশি খরচ করতে হচ্ছে।

ব্যবসায়ীদের দাবি, ব্রয়লার মুরগির সরবরাহ কিছুটা কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে সোনালি মুরগির সরবরাহ স্বাভাবিক থাকায় এর দাম স্থিতিশীল রয়েছে।

ক্রেতারা বলছেন, মাছ, মাংস ও ডিমের মতো প্রয়োজনীয় আমিষজাতীয় খাবারের দাম বাড়ায় সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর এর প্রভাব বেশি পড়ছে। তারা বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!