কক্সবাজারকে ঘিরে সামুদ্রিক শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সমুদ্রসম্পদ নিয়ে গবেষণা, উচ্চশিক্ষা এবং দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে বিপুল পরিমাণ রাজস্ব আয় সম্ভব। ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, কক্সবাজারে মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ সামুদ্রিক শিক্ষা, গবেষণা ও দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমুদ্রকেন্দ্রিক অর্থনীতির বিকাশে এ ধরনের প্রতিষ্ঠান ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে।

অনুষ্ঠানে কক্সবাজারের পর্যটন সম্ভাবনার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে। দেশের অর্থনীতিতে পর্যটন খাতের অবদান বাড়াতে এই অঞ্চলের সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগানো প্রয়োজন।

তিনি আরও বলেন, পর্যটন উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিতে হবে। শুধু বড় বড় স্থাপনা নির্মাণ করলেই পর্যটনের উন্নয়ন হবে না। কক্সবাজার সমুদ্র সৈকতের পুরো এলাকাজুড়ে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বব্যাপী তুলে ধরে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে পর্যটন সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের পর তিনি ৫০০ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!