পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পাহাড়ি অঞ্চলে সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু গাছ লাগানো নয়, নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বড় করে তুলতে হবে। একটি গাছ ভবিষ্যতে পরিবেশ রক্ষা, জলবায়ুর ভারসাম্য বজায় রাখা এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, পার্বত্যাঞ্চলে সম্প্রীতি, উন্নয়ন ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণের সংস্কৃতি গড়ে তুলতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিতরণ করা গাছের চারাগুলো নিজ নিজ বাড়ি ও আশপাশে রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজায়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!