দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৫৯ জনে অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে সবচেয়ে বেশি ৫০৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বরিশাল বিভাগে ২২৮ জন, খুলনায় ১৯৬ জন, চট্টগ্রামে ১০৮ জন, রাজশাহীতে ৯৮ জন, ময়মনসিংহে ৯৬ জন, রংপুরে ৪৬ জন এবং সিলেট বিভাগে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৭ হাজার ৬৫৮ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১৬ হাজার ৩১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৫৯ জনের মধ্যে ৩৭ জন নারী, যা মোট মৃত্যুর ৬২ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে ২২ জন পুরুষ, যা মোট মৃত্যুর ৩৭ দশমিক ৩ শতাংশ।

এদিকে অঞ্চলভিত্তিক মৃত্যুর তথ্য অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে সবচেয়ে বেশি ১৮ জন মারা গেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় মারা গেছেন সাতজন এবং সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া খুলনা বিভাগে ১০ জন, বরিশালে সাতজন, ময়মনসিংহে ছয়জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে তিনজন এবং রংপুর ও সিলেট বিভাগে একজন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!