চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী সোমবার (১০ আগস্ট)। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা মোবাইল এসএমএসের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে নিজেদের ফল জানতে পারবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফল প্রকাশের তারিখ নিশ্চিত করেন।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছেন মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রস্তুতের কাজ সম্পন্ন করে শিক্ষা বোর্ডগুলো।

বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর হিসাবে, সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন শিক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

এসএসসির ফল যেভাবে জানা যাবে

ওয়েবসাইটে ফল দেখুন: প্রত্যেক শিক্ষার্থী তার নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট ছাড়াও eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd — এ দুটি সরকারি ওয়েবসাইট থেকেও ফল জানতে পারবেন।

এসএমএসের মাধ্যমে ফল জানুন: মোবাইল ফোন থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে —

SSC (বোর্ডের নামের প্রথম তিন অক্ষর) রোল নম্বর সাল
সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা লিখবেন: SSC BOARD ROLL YEAR
মাদরাসা বোর্ডের শিক্ষার্থীরা লিখবেন: SSC MAD ROLL YEAR
কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা লিখবেন: SSC TEC ROLL YEAR

এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। প্রতিটি এসএমএসের জন্য সব ধরনের কর মিলিয়ে ১ টাকা ৩৯ পয়সা চার্জ কাটা হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!