জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, দেশ ও ইসলামের স্বার্থ রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা কাওসার আজিজ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নাজমুস সাকিব।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতীক। তারা বলেন, গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবে রূপ দিতে হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

বক্তারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, শিক্ষাঙ্গনকে সকল ধরনের সহিংসতা, দখলদারিত্ব ও সন্ত্রাসমুক্ত রাখতে হবে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে লেখাপড়ার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

সমাবেশে আরও বলা হয়, ইসলাম, দেশ ও গণমানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে সচেতন ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়।

এ সময় খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হওয়ার পর দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এর মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি শেষ হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!