‘জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সেমিনার কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. হালিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মো. কবির হোসেন, তাইজুল ইসলাম ও মারুফ হোসেন।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণের সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ আন্দোলনের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও আদর্শ তুলে ধরতে হবে। একই সঙ্গে দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সকলের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!