‘জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র, ন্যায়বিচার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সততা, জবাবদিহিতা, আইনের শাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন। নতুন প্রজন্মের কাছে এ আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও আদর্শ তুলে ধরার পাশাপাশি দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী ওসমান গণী হাফিজ জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!