সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় অনেক গ্রাহক আগের মাসের তুলনায় বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার অভিযোগ করছেন। বিশেষ করে জুন মাসের ব্যবহারের বিপরীতে আসা বিল নিয়ে অনেক গ্রাহক অসঙ্গতির অভিযোগ জানিয়েছেন। কারও কারও দাবি, স্বাভাবিক ব্যবহারের তুলনায় কয়েকগুণ বেশি বিল এসেছে।
এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিলে কোনো ধরনের অসামঞ্জস্য মনে হলে দ্রুত সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অতিরিক্ত বিলের ক্ষেত্রে প্রথমে গ্রাহককে নিজের মিটারের বর্তমান রিডিংয়ের সঙ্গে বিলে উল্লেখ করা রিডিং মিলিয়ে দেখতে হবে। ডিজিটাল বা প্রিপেইড—যে ধরনের মিটারই হোক না কেন, রিডিংয়ে কোনো গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কল সেন্টারে অভিযোগ জানাতে হবে।
অভিযোগ করার পর অবশ্যই একটি কমপ্লেইন আইডি বা অভিযোগ নম্বর সংগ্রহ করতে হবে। এতে পরবর্তী সময়ে অভিযোগের অগ্রগতি জানতে সুবিধা হবে।
কল সেন্টারে অভিযোগ জানানোর পরও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে গত তিন মাসের বিদ্যুৎ বিলের কপি নিয়ে নিকটস্থ সাব-জোনাল বা জোনাল বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রয়োজনে গ্রাহক মিটার পরীক্ষা এবং বিল পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন।
যেসব নম্বরে অভিযোগ করবেন
বিদ্যুৎ বিলসংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য নিচের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে—
বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় অভিযোগ সেবা: ১৬৯৯৯ (দেশব্যাপী সব গ্রাহকের জন্য)
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): ১৬২০০
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি): ১৬৮৯৯
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি): ১৬১১৬
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো): ১৬১২০
নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো): ১৬৬০৩
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো): ১৬১১৭
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট হটলাইনগুলো চালু রয়েছে। তাই বিদ্যুৎ বিলে অস্বাভাবিক বৃদ্ধি বা কোনো অসঙ্গতি দেখা গেলে দেরি না করে কর্তৃপক্ষকে জানাতে হবে।
অভিযোগ করার সময় বিদ্যুৎ বিল, গ্রাহক নম্বর এবং মিটারের সর্বশেষ রিডিংয়ের তথ্য সঙ্গে রাখলে সমস্যা সমাধান আরও সহজ ও দ্রুত হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!