নরসিংদীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ-এর জেলা ও উপজেলা পর্যায়ের নতুন কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে নরসিংদী জেলার ইটাখোলা মোড় এলাকার বদু মার্কেটের দ্বিতীয় তলার একটি মসজিদে জেলার ছয়টি উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে সরাসরি ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিরা অংশ নেন। গণতান্ত্রিক ভোটাভুটির মাধ্যমে জেলা সভাপতি, জেলা সেক্রেটারি এবং উপজেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে নবনির্বাচিত নেতারা পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করবেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ছয়টি উপজেলার প্রতিনিধিদের প্রত্যক্ষ অংশগ্রহণে নেতৃত্ব নির্বাচন হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নবগঠিত কমিটিতে জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা রফিকুল ইসলাম। জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ইরফানুল হক চৌধুরী।

এছাড়া নরসিংদী সদর উপজেলা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা ইরফানুল হক চৌধুরী। পলাশ উপজেলা সভাপতি হয়েছেন মাওলানা আজিজুল ইসলাম, শিবপুর উপজেলা সভাপতি মাওলানা আলাউদ্দীন, বেলাবো উপজেলা সভাপতি মাওলানা কামরুল ইসলাম, মনোহরদী উপজেলা সভাপতি মো. আফসার উদ্দিন এবং রায়পুরা উপজেলা সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা আসাদুল্লাহ।

নবনির্বাচিত নেতারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোর শিক্ষা উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা।

সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল সদস্যের সহযোগিতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন সাংগঠনিক কাঠামোর মাধ্যমে নরসিংদী জেলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের কার্যক্রম আরও বেগবান হবে এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে নতুন গতি সৃষ্টি হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!