সর্বজনীন, বৈষম্যহীন ও বিজ্ঞানভিত্তিক একই পদ্ধতির শিক্ষা ব্যবস্থা চালুসহ ১০ দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বিপ্লবী ছাত্র আন্দোলন।

সোমবার (৩ আগস্ট) খাগড়াছড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তারা।

তবে জেলা প্রশাসক সরকারি কর্মসূচিতে ঢাকায় অবস্থান করায় তাঁর অনুপস্থিতিতে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক নিংফ্রুসাই মারমা। বাংলাদেশ নারী আন্দোলনের সদস্য পদ্মরানি ত্রিপুরার নেতৃত্বে কর্মসূচি পরিচালিত হয়। এতে বিপ্লবী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক বিশ্বজিৎ শীলসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে বাণিজ্যিকীকরণ, বৈষম্য ও সাম্প্রদায়িকীকরণের প্রতিবাদ এবং সবার জন্য সমান, বিজ্ঞানভিত্তিক ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের এই আন্দোলন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন