মাত্র চার বছর বয়সেই মৃত্যুর সঙ্গে লড়াই করছে রাগীব ইশরাক রিহান। জন্মের পরপরই ধরা পড়ে তার হৃদপিণ্ডে জটিল জন্মগত সমস্যা। একবার অস্ত্রোপচারের পর কিছুদিন স্বাভাবিক জীবন ফিরে পেলেও আবারও জটিলতা দেখা দিয়েছে। চিকিৎসকদের মতে, শিশুটিকে দ্রুত দ্বিতীয় দফায় অস্ত্রোপচার না করালে তার জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। কিন্তু ব্যয়বহুল এ চিকিৎসার খরচ বহন করতে পারছেন না তার বাবা-মা। তাই সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তারা।

রাগীব ইশরাক রিহান নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার সংবাদকর্মী ইখতিয়ার উদ্দিন আজাদের ছেলে। তিনি দৈনিক সোনার দেশ পত্রিকার পত্নীতলা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। সাংবাদিক দম্পতির সংসারে জন্ম নেওয়া রিহানই ছিল তাদের স্বপ্ন আর আনন্দের কেন্দ্রবিন্দু। কিন্তু জন্মের কিছুদিন পর থেকেই শারীরিক জটিলতা দেখা দিলে চিকিৎসকদের শরণাপন্ন হন তারা।

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, রিহানের হৃদপিণ্ডের দুটি প্রকোষ্ঠে ছিদ্র রয়েছে। পাশাপাশি হৃদপিণ্ডের ধমনীতেও দুটি ব্লক ধরা পড়ে। শিশুটির জটিল শারীরিক অবস্থার কারণে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

দুই বছর বয়সে ভারতের বেঙ্গালুরুর নারায়ণা হেলথ হাসপাতাল-এ প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রিহানের প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়। সে সময় তার হৃদপিণ্ডের একটি ব্লক সফলভাবে অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর কিছুদিন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করলেও ধীরে ধীরে আবারও শারীরিক জটিলতা বাড়তে শুরু করে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রিহানের হৃদপিণ্ডের দুটি ছিদ্র এবং একটি ব্লক এখনো রয়ে গেছে। এর ফলে তার শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিকভাবে হচ্ছে না। অস্বাভাবিক রক্ত সঞ্চালনের কারণে সে প্রতিনিয়ত মৃত্যুঝুঁকি নিয়ে বেঁচে আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থারও অবনতি ঘটছে। তাই যত দ্রুত সম্ভব দ্বিতীয়বার অস্ত্রোপচার করা জরুরি বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

রিহানের বাবা ইখতিয়ার উদ্দিন আজাদ বলেন, প্রথম অস্ত্রোপচারের জন্য বিদেশে নিয়ে যেতে গিয়ে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয় হয়েছে। সেই চিকিৎসার খরচ মেটাতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এখন আবারও বিদেশে নিয়ে জটিল অস্ত্রোপচার করাতে হবে, যার জন্য অন্তত ১০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু একজন সংবাদকর্মী হিসেবে তার পক্ষে এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা সম্ভব নয়।

ছেলেকে বাঁচাতে তিনি দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন, মানবিক প্রতিষ্ঠান এবং সকল সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, সামান্য সামান্য সহযোগিতাও তার সন্তানের জীবন বাঁচানোর লড়াইয়ে বড় ভূমিকা রাখতে পারে।

রিহানের চিকিৎসার জন্য কেউ আর্থিক সহায়তা করতে চাইলে বিকাশ নম্বর: ০১৭২৮-৬৩৭৪৪০-এ (ব্যক্তিগত) সহায়তা পাঠাতে পারবেন।

এছাড়া ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠানোর জন্য হিসাবের তথ্য নিচে দেওয়া হলো—

হিসাবের নাম: মো. ইখতিয়ার উদ্দিন আজাদ
ব্যাংক: সোনালী ব্যাংক পিএলসি
শাখা: পত্নীতলা শাখা, নওগাঁ
হিসাব নম্বর: ৪৮১৬০০২০৭৭০৮৬

পরিবারটির একটাই আবেদন—সবার সামান্য সহযোগিতায় হয়তো নতুন জীবন ফিরে পেতে পারে ছোট্ট রাগীব ইশরাক রিহান।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!