মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরান ও এর প্রতিবেশী মার্কিন মিত্র দেশগুলোতে হতাহত শিশুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আবদুল ফোফানা এক বিবৃতিতে এ তথ্য জানান। শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, যুদ্ধের প্রভাবে শিশুদের সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে বিবেচিত বাড়ি, বিদ্যালয় ও আশপাশের এলাকাগুলোই এখন মৃত্যুর ঝুঁকিতে পরিণত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সংঘাতে পুরো অঞ্চলজুড়ে শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। গত পাঁচ মাসের যুদ্ধে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ৪ হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, শুধু ইরানেই হতাহত শিশুর সংখ্যা আড়াই হাজারের বেশি। দেশটিতে চলমান সংঘাতে ৩৮৬ শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ২ হাজার ১১৭ শিশু।

সবশেষ ইরানের দক্ষিণ উপকূলের কাছে কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে ৩০ জুলাইয়ের হামলায় দুই বছর বয়সী একটি শিশু মা-বাবার সঙ্গে নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। ওই ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।

আবদুল ফোফানা বলেন, সাম্প্রতিক হামলার ঘটনাগুলো আবারও প্রমাণ করেছে যে সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে শিশুদের। যেসব সংঘাত শিশুরা শুরু করেনি এবং বন্ধ করার ক্ষমতাও তাদের নেই, তারাই সেই সংঘাতের সবচেয়ে ভয়াবহ শিকার হচ্ছে।

তিনি বলেন, শিশুদের দুর্ভোগকে কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া উচিত নয়। সংঘাতে জড়িত সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

সংস্থাটি জানিয়েছে, যুদ্ধবিরতির প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে তা কার্যকর করা প্রয়োজন। একই সঙ্গে অবিলম্বে সহিংসতা বন্ধ করে যেখানেই থাকুক না কেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!