সড়কে ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়ন এবং এআইভিত্তিক নজরদারি আরও কার্যকর করতে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বর্তমানে মোটরসাইকেলের নম্বর প্লেট শুধু পেছনে থাকায় অনেক ক্ষেত্রে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এআই ক্যামেরায় সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি বিবেচনায় নিয়েই নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক নজরদারি ব্যবস্থা চালু হয়েছে। তবে কিছু মোটরসাইকেল চালক ইচ্ছাকৃতভাবে নম্বর প্লেটের কয়েকটি সংখ্যা আংশিক ঢেকে বা পরিবর্তন করে চলাচল করছেন। ফলে ট্রাফিক আইন ভঙ্গের পরও অনেক ক্ষেত্রে তাদের সনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।
কর্তৃপক্ষের মতে, মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্লেট না থাকায় বিপরীত দিক থেকে স্থাপিত এআই ক্যামেরা অনেক সময় যানবাহনের পরিচয় শনাক্ত করতে পারে না। আবার কিছু চালক নম্বর প্লেটের তিনটি সংখ্যা বা অক্ষর বিভিন্ন উপায়ে আড়াল করে রাখায় প্রযুক্তিনির্ভর নজরদারিও বাধাগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা দূর করতেই সামনের দিকে অতিরিক্ত নম্বর প্লেট সংযোজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিআরটিএ জানিয়েছে, বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে একাধিক দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন ব্যবস্থার কারিগরি, আইনগত ও বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট থাকলে এআই ক্যামেরা সামনের ও পেছনের উভয় দিক থেকেই সহজে যানবাহনের নম্বর শনাক্ত করতে পারবে। এতে ট্রাফিক আইন লঙ্ঘনকারী চালকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রযুক্তিনির্ভর নজরদারি আরও কার্যকর হবে।
বিআরটিএর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাস পর্যন্ত দেশে নিবন্ধিত মোট মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। বিপুলসংখ্যক মোটরসাইকেল সড়কে চলাচল করায় ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, এআইভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থা সফল করতে শুধু প্রযুক্তি স্থাপনই যথেষ্ট নয়, বরং যানবাহনের নম্বর প্লেট স্পষ্টভাবে দৃশ্যমান রাখাও জরুরি। সামনের নম্বর প্লেট বাধ্যতামূলক করা হলে ট্রাফিক আইন প্রয়োগ আরও সহজ হবে, একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!