প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রম আরও শক্তিশালী করার অংশ হিসেবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মার্শাল আর্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণের গুণ তৈরি করতে ক্রীড়া শিক্ষার পাশাপাশি মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুক্রবার (৩১ জুলাই) ঢাকার বিজয় সরণিতে র‍্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি একজন শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলাবোধ, ধৈর্য, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা তৈরি করে। একজন শিক্ষার্থী নিজের ওপর আস্থা অর্জন করলে সে সহিংসতা ও সংঘাত এড়িয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও মার্শাল আর্টের প্রসার প্রয়োজন। এ জন্য কারাতে সংগঠনগুলোকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।

ববি হাজ্জাজ নিজের কারাতে চর্চার স্মৃতিচারণ করে বলেন, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তার এই যাত্রা শুরু হয়। দীর্ঘদিনের অনুশীলন, সহপাঠীদের সঙ্গে সম্পর্ক এবং বিভিন্ন কারাতে প্রদর্শনীর স্মৃতি এখনো তাকে অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মরক্ষার সক্ষমতা এবং দায়িত্বশীল আচরণ গড়ে তুলতে মার্শাল আর্ট কার্যকর ভূমিকা পালন করবে। এর মাধ্যমে একটি সুস্থ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা সম্ভব।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!