দ্বীনের দাওয়াত ও নৈতিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে গত ৬১ বছর ধরে এক ব্যতিক্রমী উদ্যোগ চালিয়ে যাচ্ছেন খাগড়াছড়ি সদর উপজেলার কলাবাগান এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন (৭৬)। ধর্মীয় বাণী, হাদিস, বাবা-মায়ের মর্যাদা, সন্তানের প্রতি পিতা-মাতার কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্বসহ বিভিন্ন নৈতিক উপদেশ নিজ হাতে লিখে দেশের বিভিন্ন স্থানে টানিয়ে দিচ্ছেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে এসব লেখা টানানোর সময় তাঁর সঙ্গে কথা বলে এসআইবি নিউজের প্রতিবেদক।
গিয়াস উদ্দিন জানান, তিনি ১৯৬৫ সাল থেকে এ কার্যক্রম শুরু করেন এবং তখন থেকেই মানুষের মধ্যে দ্বীনি শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তাঁর বয়স ৭৬ বছর হলেও এখনও একই উদ্যমে বিভিন্ন স্থানে এসব বার্তা পৌঁছে দিচ্ছেন।
তিনি বলেন, পুরোনো ক্যালেন্ডার, সাদা কাগজ ও বিভিন্ন ব্যবহৃত কাগজ সংগ্রহ করে সেগুলোতে নিজ হাতে ধর্মীয় ও নৈতিক বাণী লিখে মানুষের চলাচলের স্থানে টানিয়ে দেন। এসব কাগজ তিনি কখনো নিজের ঘর থেকে, কখনো পরিচিতজনদের কাছ থেকে, আবার কখনো রাস্তা থেকে সংগ্রহ করেছেন।
গিয়াস উদ্দিনের দাবি, দীর্ঘ এই পথচলায় তিনি ব্যক্তিগতভাবে প্রায় ৬ লাখ টাকা ব্যয় করেছেন। কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সহযোগিতা ছাড়াই তিনি নিজের সামর্থ্য অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করে আসছেন।
খাগড়াছড়ি শহরের প্রধান প্রবেশপথ থেকে শুরু করে বাজারের বিভিন্ন অলিগলি, জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় তাঁর লাগানো লেখাগুলো চোখে পড়ে। স্থানীয়দের মতে, খাগড়াছড়িতে আসা অনেক পর্যটকের নজরেও এসব বার্তা পড়ে এবং অনেকে আগ্রহ নিয়ে সেগুলো পড়েন।
গিয়াস উদ্দিন আরও দাবি করেন, শুধু খাগড়াছড়ি বা দেশের বিভিন্ন স্থানেই নয়, সৌদি আরবের মদিনা শহরেও তিনি এসব ধর্মীয় ও নৈতিক বার্তা টানিয়েছেন।
জীবনের দীর্ঘ সময় ধরে একই লক্ষ্য নিয়ে কাজ করে যাওয়া এই প্রবীণ ব্যক্তির বিশ্বাস, মানুষের মাঝে নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও দ্বীনি সচেতনতা বৃদ্ধি পেলে সমাজ আরও সুন্দর হবে। সেই বিশ্বাস থেকেই তিনি এখনও নিজের হাতে লিখে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!