মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন কলিং সুবিধা চালু করেছে। এখন থেকে আলাদা কোনো ডেস্কটপ অ্যাপ ইনস্টল না করেই ওয়েব ব্রাউজার থেকে সরাসরি অডিও ও ভিডিও কল করা যাবে।

মঙ্গলবার (২৮ জুলাই) চালু হওয়া নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই কল করা ও কল গ্রহণের সুবিধা পাবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভিন্ন ডিভাইসে যোগাযোগ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতেই এই সুবিধা চালু করা হয়েছে।

হোয়াটসঅ্যাপের নতুন ওয়েব কলিং সুবিধা বিশেষ করে তাদের জন্য কার্যকর হবে, যারা অফিসের এমন কম্পিউটার ব্যবহার করেন যেখানে সফটওয়্যার ইনস্টল করার অনুমতি নেই। পাশাপাশি শেয়ার করা কম্পিউটার ব্যবহারকারী বা শুধু ব্রাউজার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারে অভ্যস্ত ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন।

নতুন আপডেটে একক ও গ্রুপ—দুই ধরনের অডিও এবং ভিডিও কলের সুবিধা যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি স্ক্রিন শেয়ারিং, রিয়্যাকশন এবং কল হিস্ট্রি দেখার সুবিধাও থাকবে। ব্যবহারকারীদের জন্য আলাদা ‘কলস’ ট্যাব যুক্ত করা হয়েছে, যেখানে কল সংক্রান্ত তথ্য ও ফেভারিটস দেখা যাবে।

এ ছাড়া ‘কল ট্রান্সফার’ নামে নতুন একটি সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে চলমান গ্রুপ কল মোবাইল ফোন থেকে ডেস্কটপ বা অন্য ডিভাইসে স্থানান্তর করা যাবে। কল কেটে পুনরায় যুক্ত হওয়ার প্রয়োজন হবে না।

গ্রুপ কলে নিয়ন্ত্রণ বাড়াতে ‘ওয়েটিং রুম’ সুবিধাও যুক্ত করা হয়েছে। কোনো কল লিংক তৈরির সময় ‘রিক্যুয়ার অ্যাপ্রোভাল টু জয়েন’ অপশন চালু থাকলে নতুন অংশগ্রহণকারীরা আগে অপেক্ষাকক্ষে থাকবে। আয়োজকের অনুমোদনের পরই তারা কলে যুক্ত হতে পারবেন।

কলের মান উন্নত করতেও নতুন প্রযুক্তি যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। ‘কুইক এইচডি’ সুবিধার মাধ্যমে কল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উন্নত মানের ভিডিও পাওয়া যাবে। পাশাপাশি ‘নয়েস সাপ্রেসন’ প্রযুক্তি আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে কণ্ঠস্বর আরও পরিষ্কার করতে সহায়তা করবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন এসব সুবিধা ধাপে ধাপে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। এর ফলে মোবাইল, ডেস্কটপ ও ওয়েব—সব প্ল্যাটফর্মে যোগাযোগ আরও সহজ ও উন্নত হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!