প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্যসচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত দফতরাদেশে স্থানীয় সরকার বিভাগকে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কার্যক্রমে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও জানানো হয়। এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের মাধ্যমে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হয়েছে। বর্তমানে শুধু ঠাকুরগাঁও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বাকি রয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগ বাস্তবায়িত হলে পর্যটননগরীর নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!