জাপানের দক্ষিণাঞ্চলীয় কুয়ামোতো প্রদেশে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সংঘটিত এ ভূমিকম্পের পর হাজার হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে, বন্ধ রাখা হয়েছে রেল চলাচল এবং উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। একই সঙ্গে আফটারশকের আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের।

জাপান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় এক মিটার (প্রায় তিন ফুট) পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে—এমন আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূকম্পনের পরপরই দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপের বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা ঘোষণা করা হয়।

সরকারের পক্ষ থেকে কুয়ামোতো ছাড়াও নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারে ভূমিকম্পসংক্রান্ত জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এসব অঞ্চলের বিভিন্ন শহরে তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে।

জাপান আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুয়ামোতো সিটির দক্ষিণে অবস্থিত উকি সিটি। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, ফলে কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয় এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের প্রভাবে কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, প্রায় ৪০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এছাড়া জেআর কিউশু নিরাপত্তার স্বার্থে বুলেট ট্রেনসহ সব ধরনের রেলসেবা সাময়িকভাবে স্থগিত করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য হতাহতের তথ্য জানতে সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, ঠিক এক দশক আগে কুয়ামোতোতে পরপর দুটি বড় ভূমিকম্পে ২৭৫ জনের প্রাণহানি এবং আড়াই হাজারের বেশি মানুষ আহত হয়েছিলেন। সেই অভিজ্ঞতার কারণে এবারের ভূমিকম্পের পর দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!