মুক্তির মাত্র এক মাসের মধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন ডলার আয় করে নতুন ইতিহাস গড়েছে অ্যানিমেটেড সিনেমা টয় স্টোরি ৫। সর্বশেষ হিসাব অনুযায়ী, ছবিটির বৈশ্বিক আয় পৌঁছেছে ১.০০২ বিলিয়ন মার্কিন ডলারে (১০০ কোটি ২ লাখ ডলার), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার কোটি টাকারও বেশি।
এই সাফল্যের মধ্য দিয়ে ২০২৬ সালের এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় শীর্ষস্থান দখল করেছে জনপ্রিয় এই অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি।
বক্স অফিস বিশ্লেষকদের মতে, ছবিটির আয়ের ধারা এখনও শক্তিশালী রয়েছে। ফলে সামনে আরও বড় রেকর্ড গড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ এবং আগামী ৩০ জুলাই মুক্তি পেতে যাওয়া সনি পিকচার্সের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়েও রয়েছে ব্যাপক প্রত্যাশা। বিশ্লেষকদের ধারণা, এই দুটি ছবিও শিগগিরই বিলিয়ন ডলার ক্লাবে জায়গা করে নিতে পারে।
অ্যান্ড্রিউ স্ট্যান্টন পরিচালিত টয় স্টোরি ৫-এর গল্পে দেখা যায়, আধুনিক প্রযুক্তি ও স্মার্ট ডিভাইসের প্রতি ছোট্ট বনির আগ্রহের কারণে উডি, বাজ লাইটইয়ারসহ পরিচিত খেলনাগুলো নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। পুরোনো চরিত্রগুলোর সঙ্গে নতুন প্রজন্মের বাস্তবতাকে মিলিয়ে নির্মিত গল্পটি দর্শকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।
সিনেমাটিতে উডি চরিত্রে কণ্ঠ দিয়েছেন টম হ্যাঙ্কস এবং বাজ লাইটইয়ার চরিত্রে রয়েছেন টিম অ্যালেন। পাশাপাশি পপ তারকা টেইলর সুইফটের নতুন গান ‘I Knew It, I Knew You’ ছবিটির জনপ্রিয়তায় বাড়তি মাত্রা যোগ করেছে।
জুনের মাঝামাঝিতে উত্তর আমেরিকায় ১৬ কোটি ডলার উদ্বোধনী আয় দিয়ে যাত্রা শুরু করা টয় স্টোরি ৫ এখন দ্রুত এগিয়ে যাচ্ছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত টয় স্টোরি ৪-এর ১.০৭ বিলিয়ন ডলার বৈশ্বিক আয়ের রেকর্ড ভাঙার পথে। বর্তমান গতিধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই এটি পুরো টয় স্টোরি ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমায় পরিণত হতে পারে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!